কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৮টি বিভাগের ফুটবল দল নিয়ে শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শারীরিক শিক্ষা বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম।
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭-এর নিয়ম অনুযায়ী, প্রতিটি বিভাগকে ১৬ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হবে। খেলোয়াড়দের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। প্রতিযোগিতাটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
এছাড়া নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচের প্রথমার্ধে ৩০ মিনিট খেলা হবে। এরপর ১০ মিনিট বিরতির পর দ্বিতীয়ার্ধে আরও ৩০ মিনিট খেলার মাধ্যমে ম্যাচ শেষ হবে। তবে ফাইনাল ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিট করে খেলা হবে এবং মাঝখানে থাকবে ১০ মিনিটের বিরতি।
আরও জানানো হয়, নির্ধারিত সময়ে খেলা ড্র হলে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। কোনো খেলোয়াড় পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে ওই ম্যাচসহ পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন না।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট ১৯টি বিভাগ থাকলেও এ বছর মার্কেটিং বিভাগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে না। ফলে ১৮টি বিভাগের দল নিয়ে এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কুবি প্রতিনিধি