সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় খাইরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৬ আগস্ট ) দেশটির দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত খাইরুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা পদুয়াপাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে সাড়ে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে কর্মস্থলে নির্মাণকাজ করার সময় ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে গিয়ে খাইরুলের বুকে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীদের সহায়তায় খাইরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খাইরুলের এমন মৃত্যু কাম্য ছিল না। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, সাড়ে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান খায়রুল। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় খাইরুলের মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরও বলেন, আমি খাইরুলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করতে তার পরিবারের সদস্যদের আসতে বলেছি।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া