কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় শর্টসার্কিটের আগুনে কৃষকের বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণপাড়ায় শর্টসার্কিটের আগুনে কৃষকের বসতঘর পুড়ে ছাই
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় শর্টসার্কিটের আগুনে কৃষকের বসতঘর পুড়ে ছাই

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও রান্নাঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জমানো নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ধান-চাল, আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফকির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বসতঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. খোকন মিয়া জানান, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সম্প্রতি বিভিন্ন সমিতি থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এর সঙ্গে নিজের সঞ্চিত ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা নগদ ঘরে রাখা ছিল। অগ্নিকাণ্ডে সেই নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার, ধান, চাল ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

গোপালনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে খোকন মিয়ার বসতঘর ও রান্নাঘরসহ সবকিছু পুড়ে গেছে। নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পরিবারটি চরম দুর্দশায় পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। পাশাপাশি সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এদিকে, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারটি দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ