কুমিল্লার বরুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শালুকিয়া গ্রামে সালিশকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার আবুল কালামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে শালুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, সালিশ চলাকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে প্রবাসফেরত আজাদ, তার ভাই, ভাতিজাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সরদার আবুল কালামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
আহতের স্ত্রী রেহেনা পারভীন অভিযোগ করে বলেন, আজাদ দীর্ঘদিন প্রবাসে থাকলেও কয়েক মাস পরপর দেশে এসে এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের সমর্থন দিয়ে বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড পরিচালনা করে। আজ এলাকার একটি সালিশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার স্বামীর ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয়রা তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও হামলার চেষ্টা করা হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেও অভিযুক্তদের লোকজন ঘোরাফেরা করছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে বরুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম বলেন,আবুল কালামের ওপর হামলার বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি সামাজিকভাবে বসে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য উপায়ে সমাধানের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে অভিযুক্ত আজাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক