কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা ফুটবল একাডেমির উদ্যোগে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে হিংগুলা হাছানিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে মাঠমুখী করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তাই এ ধরনের আয়োজন সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।"
অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, উপজেলা কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, হিংগুলা হাছানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন এবং হিংগুলা গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক শাহ মোহাম্মদ বেলাল।
হিংগুলা ফুটবল একাডেমি কমিটির সভাপতি ও কনকাপৈত ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনকাপৈত ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি এবিএম নুর আলম ভূঁইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন গ্রামের খেলোয়াড়রা।
অনুষ্ঠানে ধারাভাষ্য প্রদান করেন রফিকুল ইসলাম মনু ও মফিজ উদ্দিন মোল্লা।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন গ্রামের শত শত দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলা। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
চৌদ্দগ্রাম প্রতিনিধি