কুমিল্লা | বঙ্গাব্দ
ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি
ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন...
0:00
0:00

ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি

ছবির ক্যাপশন:

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (২০২৬–২৭)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান ফাহিম। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় কমিটির তালিকায় তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগ (২০১৯–২০ সেশন)-এর শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি এবং বাঁধনের সাবেক জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, মানবিক সেবা এবং সংগঠন পরিচালনায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কৃতী সন্তান।

বাঁধনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়ে  মো. হাবিবুর রহমান ফাহিম জানান, বাঁধন আমার কাছে কেবল একটি সংগঠন নয়, এটি আমার অনার্স জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং আমার দ্বিতীয় পরিবার। অনার্স জীবনের শুরু থেকে যে পথচলা শুরু হয়েছিল, আজ সেই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং আবেগপূর্ণ একটি মুহূর্ত।

নিঃস্বার্থ রক্তদান এবং মানবতার সেবায় কাজ করার যে ব্রত নিয়ে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম, আজ সেই সংগঠনের অভিভাবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া এক বিশাল দায়িত্ব। আমার এই যাত্রায় যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

বাঁধনের উপদেষ্টা অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল আজিজ বলেন, ফাহিম ভিক্টোরিয়া কলেজের সাবেক সভাপতি ছিলো। সে যোগ্য এবং আন্তরিক সংগঠক। তার এই অর্জনে ভিক্টোরিয়া কলেজে এবং বাঁধন পরিবার আনন্দিত। 

তার এই অর্জনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বাঁধনের বর্তমান ও সাবেক সদস্য এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। 

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ মূলমন্ত্রে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরের লক্ষ্যে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে বাঁধন। বর্তমানে দেশের ৬১টি জেলায় ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৫০টি ইউনিট ও ১৪টি পরিবারের মাধ্যমে বাঁধন তাদের কার্যক্রম পরিচালনা করছে। ২০০৬ সালে ভিক্টোরিয়া কলেজ বাঁধন ইউনিট কার্যক্রম শুরু করে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ