কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নানা সমস্যা, অধিকার ও কল্যাণের বিষয়ে ১২ দফা দাবি উত্থাপন করেছে জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সংগঠনটির পক্ষ থেকে ১২ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত ১২ দফা দাবির মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা, গবেষণা খাতে পর্যাপ্ত ও স্বচ্ছ বাজেট বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসসংলগ্ন হোটেল ও দোকানগুলোর খাবারের মান নিশ্চিত করা এবং মূল্য নিয়ন্ত্রণ।
এ ছাড়া আরও উল্লেখ করা হয়, পরিবহনসংকট দূর করার জন্য পর্যাপ্ত বাস ও চালক নিয়োগ দেওয়া, মেস ও বাসাভাড়ার অযৌক্তিক বৃদ্ধি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করা, ছাত্রকল্যাণ তহবিল কার্যকর করা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়ামের উন্নয়ন, আধুনিক কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হলের সিট বণ্টনে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন, ক্যাম্পাসের আশপাশের বিনোদনকেন্দ্রগুলোর শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ওয়াইম্যাক্স বা স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে ক্যাম্পাসজুড়ে উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
উল্লেখ্য, জুলাইকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নানা পরিকল্পনা ও করণীয় বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেছেন সংগঠনটির নেতারা।
কুবি প্রতিনিধি