কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ জুন) পরিচালিত এক উচ্ছেদ অভিযানে জমিটি দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর মৌজার ১ নম্বর খতিয়ানের বিএস ১১৩ নম্বর দাগভুক্ত সরকারি রাস্তার ৮ শতক জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে রেখেছিল। দখলকৃত জমিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাই শেষে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো অপসারণ করা হয় এবং সরকারি জমি পুনরুদ্ধার করা হয়। অভিযানে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওয়াসিম আকরাম, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং মুরাদনগর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান জানান, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জমিটি দখল করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি জমি দখলের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, বোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সংকীর্ণ পথ দিয়ে চলাচল করতে বাধ্য হওয়ায় প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হতো তাদের। প্রশাসনের এ উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিনের সেই দুর্ভোগের অবসান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, সরকারি খাস জমি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ জনস্বার্থ রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানান।
মোঃ ইব্রাহিম, মুরাদনগর