কুমিল্লা মেডিকেল সেন্টার (কুমিল্লা টাওয়ার)-এর সম্মানিত পরিচালক ও সাবেক ছাত্রশিবির নেতা ডা. এম এ মান্নান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. মান্নানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং সেক্রেটারি মাহবুবর রহমান।
বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ডা. এম এ মান্নান একজন নিবেদিতপ্রাণ, সৎ ও মানবিক চিকিৎসক ছিলেন। তিনি ১৯৮৪ সালে রংপুর মহানগরী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর ইন্তেকালে কুমিল্লার চিকিৎসা অঙ্গন ও ইসলামী আন্দোলনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবারকে সবরে জামীল দান করেন। আমীন।
নিজস্ব প্রতিবেদক