কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে অবস্থিত জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে পা রাখলেন। গত ২ নভেম্বর ছিল তাঁর শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। দীর্ঘদিনের কর্মজীবন শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুসজল চোখে বিদায় নেন তিনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যালয়ে তাঁর জন্য আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আবেগঘন পরিবেশে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে বিদায় জানায়।
মোঃ মোশারফ হোসেন ১৯৯৪ সালের ১ আগস্ট শিক্ষকতা জীবন শুরু করেন। শুরুতে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এক মাস পর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। ৩২ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয় এবং পরবর্তীতে সামাজিক বিজ্ঞান বিষয়েও পাঠদান করে শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ সরকার স্বাগত বক্তব্যে বলেন, “আজ আমাদের জন্য সত্যিই বেদনার দিন। মোশারফ হোসেন স্যারকে আর ক্লাসে পাব না ভাবতেই মন খারাপ করছে। তার ন্যায়পরায়ণতা, সততা ও কর্মদক্ষতা আমাদের অনুপ্রেরণা যোগাবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মাও. গোলাম রাব্বানী ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, সাবেক প্রফেসর বজলুর রহমান, সহ-সুপার মাও. আবু সালেক, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, স্কুলের দাতা সদস্য আবদুল লতিফ মেম্বার, সহকারী শিক্ষক মোসাঃ সেলিনা সুলতানা, ঢাকা জজ কোর্টের আইনজীবী এড. মোঃ সানাউল হক, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী রুবেল, প্রাক্তন ছাত্র সোহেল ইসলাম ও অন্যান্য অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে মোঃ মোশারফ হোসেনের দীর্ঘদিনের শিক্ষা ও নেতৃত্বগুণকে সম্মান জানানো হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর অবদান স্মরণীয় করে রাখার অঙ্গীকার করা হয়।
মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া