কুমিল্লা | বঙ্গাব্দ

শীত আসছে, রস আহরণের প্রস্তুতিতে ব্যস্ত বুড়িচংয়ের গাছিরা

  • প্রকাশের তারিখ : 21-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
শীত আসতে না আসতেই হেমন্তের শুরুতে রস আহরণের জন্য খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার গাছিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খেজুর গাছ পরিষ্কার-পরিচ্ছন্ন ও চাঁছাছোলা করছেন। উপজেলার ফসলের মাঠ, সড়কের ধারে এবং বসতবাড়ির আঙিনায় রয়েছে অসংখ্য খেজুর গাছ। শীত নামার আগেই এসব গাছ প্রস্তুত করে রাখছেন গাছিরা, যাতে শীতের শুরুতেই রস সংগ্রহ শুরু করা যায়।

বুড়িচংয়ের অনেক কৃষকই মৌসুমি এই পেশার সঙ্গে জড়িত। হাতে দা আর কোমরে দড়ি বেঁধে ঝুঁকি নিয়েই নিপুণভাবে গাছ চাঁছাছোলা ও নলি বসানোর কাজ করছেন তারা।

শীতের দিন মানেই খেজুর রস আর নলেন গুড়ের ঘ্রাণ। শীতের সকালে তাজা রস পান করার আনন্দ অনন্য। আর সেই রস দিয়ে তৈরি পিঠা, পায়েস কিংবা পাটালি-গুড় বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের শুরুতেই গ্রামাঞ্চলে শুরু হয় খেজুর রসের পিঠা-পায়েসের উৎসব।

পীরযাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের গাছি রবিউল ইসলাম বলেন, “তিন দিন হলো কাজ শুরু করেছি। গাছের ময়লা ও ডালপালা ছেঁটে ফেলার পর আরেক দফা চাঁছাছোলা হবে। সপ্তাহ খানিক পর নলি বসানো শুরু করব। এরপরই পাতিল ঝোলানো হবে রস সংগ্রহের জন্য।”

ষোলনল ইউনিয়নের ভান্তি গ্রামের গাছি বিল্লাল হোসেন বলেন, “শীতের সঙ্গে জড়িয়ে আছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস। আরও দুই সপ্তাহ পরই রস আহরণের কাজ শুরু হবে।”

নাঈম নামে আরেক গাছি বলেন, “যেভাবে খেজুর গাছ কমে যাচ্ছে, তাতে একসময় হয়তো এই ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আমাদের সবারই উচিত বেশি করে খেজুর গাছ লাগানো ও যত্ন নেওয়া।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ