সোহাইবুল ইসলাম সোহাগ।।
কুমিল্লা টমছমব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুমিল্লা সিটি কলেজ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ রাস্তাটি কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র। কোটবাড়ি এলাকাসহ বিশ্ববিদ্যালয়, কলেজ ও পর্যটন কেন্দ্রের যাতায়াতের মূল পথ এটি। তাই দ্রুত সংস্কার না করলে জনদুর্ভোগ আরও বাড়বে।
অধ্যক্ষ মো. নাদিমুল হাসান চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে টমছমব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত রাস্তাটি ভেঙে পড়েছে। খানা-খন্দকে ভরা এ সড়কে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করে চরম ভোগান্তিতে পড়ছেন। দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। আমরা দ্রুত এই রাস্তার সংস্কারকাজ শুরু করার জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো. নাদিমুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শেষে সবাই এক কণ্ঠে শপথ নেন —
“আমরা চাই নিরাপদ ও চলাচলযোগ্য রাস্তা!”
কুমিল্লা গেজেট. কম