কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, দুই বসতঘরসহ সব কিছু পুড়ে ছাই

  • প্রকাশের তারিখ : 10-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।। 
কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর উত্তর পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুইটি বসতঘর, দুইটি গোয়ালঘর, বিয়ের প্যান্ডেল, রান্না করা খাবার, ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সালাউদ্দিন বাবু বলেন, হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই দুইটি বসতঘর, গোয়ালঘর ও তার জেঠাত ভাই নাছিরের ভাতিজি এনামুলের মেয়ের বিয়ের প্যান্ডেলসহ সব কিছু পুড়ে যায়। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. সাইফুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ