মোঃ আবদুল্লাহ, বুড়িচং।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বসুন্ধরা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বুড়িচং উপজেলা সভাপতি মাস্টার ফয়েজ আহমদ। বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ বুড়িচং উপজেলা সভাপতি হাফেজ মাসুদ মৈশান মানববন্ধনটি সঞ্চালনা করেন।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মাওলানা মো. জাকারিয়া খান, মো. রমজান আলী, চাকরিপ্রত্যাশী মো. তাজুল ইসলাম, মো. জয়নাল আবেদীন ও মো. জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সুদভিত্তিক অর্থনীতির বিপরীতে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তোলা এবং ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় ব্যাংকটির মূল উদ্দেশ্য বিকৃত হয়েছে। তারা অভিযোগ করেন, অতীতে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতার অভাব দেখা গেছে।
বক্তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, ইসলামী ব্যাংকে নতুন সার্কুলারের মাধ্যমে যোগ্য ও মেধাবী কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকটির ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কুমিল্লা গেজেট