কুমিল্লা | বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন

  • প্রকাশের তারিখ : 6-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা সংলগ্ন সড়কে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন চাকুরী প্রত্যাশী মাওলানা জোবায়ের হোসেন আনসারি ও হেলাল উদ্দিন তসলিম। এতে নাঙ্গলকোট উপজেলার বহু চাকুরী প্রত্যাশী অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ২০১৭ সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দখলে নেয়। এস আলম গ্রুপের দখলের আগে ২০১৬ সালের শেষে ব্যাংকের জনবল ছিল ১৩ হাজার ৫৬৯ জন, যার মধ্যে চট্টগ্রাম জেলার ছিলেন ৭৭৬ জন। বর্তমানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার, এর মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার বাসিন্দা।

তারা বলেন, দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক উপজেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। এসব কর্মকর্তাকে এস আলম গ্রুপ নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দিয়েছে, যার ফলে ব্যাংকের শৃঙ্খলা ও গ্রাহকসেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার জোর দাবি জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ