নেকবর হোসেন।।
কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধ ও জনসচেতনতা বাড়াতে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ি এর আয়োজনে “প্রাণীপ্রেমীদের মিলন মেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) নগরীর কবি নজরুল ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সামছুল আলম। দৃষ্টান্ত ফাউন্ডেশন ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মোঃ মাহফুজ মিয়া, রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আহাম্মদ কাদের জামান, ক্যাটস হোম বিড়ালের বাড়ির উপদেষ্টা মাকসুদ রহমান, ইতালি প্রবাসী মোঃ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আলী সুমনকে। এছাড়া প্রাণী বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, মাছরাঙা টিভির জাহাঙ্গীর আলম ইমরুলসহ ছয়জন সাংবাদিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক বিড়াল অংশ নেয় “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতায়। দেশি ও বিদেশি ক্যাটাগরিতে মোট ছয়টি বিড়াল বিজয়ী হয়।
সভাপতি সাইফ উদ্দিন রনী তার বক্তব্যে বলেন, “অসহায় প্রাণীদের প্রতি সদয় হতে হবে। রাস্তার কুকুরদের হত্যা না করে টিকা দেওয়ার আওতায় আনা জরুরি। দুর্ঘটনায় আহত প্রাণীদের উদ্ধারে একটি স্বেচ্ছাসেবক দল গঠনে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।”
কুমিল্লা গেজেট