নেকবর হোসেন।।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুমিল্লার পাড়া-মহল্লা জুড়ে বইছে উৎসবের আমেজ। প্রতিটি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমায় তুলির আঁচড়ে রঙের ছোঁয়া, আবার কোথাও প্যান্ডেল সাজানোর ব্যস্ততা।
৮১৮টি মণ্ডপে দুর্গোৎসব
এ বছর কুমিল্লা জেলায় মোট ৮১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে ৬৪টি বেশি। পূজা উদযাপন পরিষদ নেতারা বলছেন, এ সংখ্যা প্রমাণ করে মানুষের আগ্রহ, অংশগ্রহণ ও সামাজিক সম্প্রীতি আরও বিস্তৃত হয়েছে।
প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত শিল্পীরা
মৃৎশিল্পীরা দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় শিল্পীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকেও কারিগররা এসে প্রতিমা তৈরিতে যুক্ত হয়েছেন। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাসুরসহ সব প্রতিমাই শিল্পীদের সুনিপুণ স্পর্শে অনিন্দ্যসুন্দর রূপ নিচ্ছে।
নিরাপত্তায় কঠোর নজরদারি
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা জানান, মণ্ডপের সংখ্যা বাড়লেও প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও সিসিটিভি পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, “পূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। র্যাবের নিয়মিত টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও মোবাইল টহল থাকবে।”
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, তিন ধাপে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে—পূজার প্রস্তুতির সময়, পূজা চলাকালে এবং বিসর্জনের সময়। গুরুত্বপূর্ণ মণ্ডপে ফিক্সড পুলিশ স্ট্যান্ড থাকবে এবং সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের জন্য বিশেষ টিম কাজ করবে।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরাসরি সিসিটিভি তদারকি করবেন। প্রতিটি মণ্ডপে আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকবে।
সম্প্রীতির বার্তা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষ সমানভাবে উৎসব পালন করে। আমরা চাই কুমিল্লাসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হোক।”
দেবীর আগমনের প্রতীক্ষা
আগামী ২৭ সেপ্টেম্বর, শনিবার পঞ্চমী তিথি থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য, ধুনুচি নৃত্য, সিঁদুর খেলা আর অঞ্জলির প্রার্থনায় কুমিল্লা ভেসে উঠবে আনন্দ-উৎসবে।
কুমিল্লা গেজেট