নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে পূবালী ব্যাংক আয়োজিত স্কুল ব্যাংকিং শীর্ষক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেছেন, জীবজগতের অস্তিত্ব রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির সভাপতি ও বাসস-এর চিফ রিপোর্টার দিদারুল আলম দিদার বলেন, বৃক্ষ শুধু মানুষ নয়, সমগ্র জীবজগতকে টিকিয়ে রাখে। অক্সিজেন ও কার্বন-ডাই অক্সাইডের ভারসাম্য নিয়ন্ত্রণ করে পরিবেশকে বাসযোগ্য করে তোলে। তিনি বৃক্ষরোপণকে “একটি জীবন্ত সাদকাহ” উল্লেখ করে বলেন, ইসলাম ধর্ম এটিকে ইবাদত হিসেবে গুরুত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় বৃক্ষ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, খাদ্য ও ঔষধ সরবরাহসহ জীবনের সব ক্ষেত্রে বৃক্ষ অপরিহার্য।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক কুমিল্লা অঞ্চলের প্রধান ও ডিজিএম মো. মাইনুল ইসলাম বলেন, সঞ্চয় এখন সময়ের দাবি। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা গেলে ভবিষ্যতে তাদের আর্থিক প্রয়োজন মেটানো সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের আরআরএম ও এসপিও আক্তার হোসেন, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইলিয়াছ ও সজীব গুহ, ব্যাংক কর্মকর্তা আবদুল মোতালেব ও আজিজুর রহমান। এছাড়া বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শাহজাহান ভূঁইয়া, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সমাজসেবক ও অভিভাবকেরা অংশ নেন।
কুমিল্লা গেজেট