মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। একসময়ের মাছভরা খাল-বিল, হাওর এবং নদ-নদীতে এখন আর আগের মতো প্রাচুর্য নেই। নদীমাতৃক বাংলাদেশের ২৬০ প্রজাতির দেশী মাছের মধ্যে প্রায় ৭০টি প্রজাতি ইতোমধ্যে বিলুপ্তির মুখে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমেও পানির অভাব, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমছে।
বর্তমানে বাজারে দেশীয় মাছ এলে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়তে দেখা যায় এবং দাম হয়ে যায় আকাশচুম্বী। পরিবর্তে বাজার ভরে যাচ্ছে হাইব্রিড মাছ যেমন পাঙ্গাশ, তেলাপিয়া, সিলভার কার্প ও বার্মা রুইয়ে। পুরনো পুকুরগুলোতেও এখন দেশীয় মাছের পরিবর্তে বিদেশি মাছ চাষ হচ্ছে। ফলে কই, শিং, মাগুর, পুটি, টেংরা, শোল, গজারসহ একসময়ের জনপ্রিয় মাছ আর তেমন দেখা যায় না।
স্থানীয় সচেতন নাগরিক মো. কামরুল হাসান মনে করেন, “সরকারি সচেতনতা বৃদ্ধি ও কঠোর নিয়মাবলী প্রয়োগ না হলে দেশীয় মাছ রক্ষায় এই সংকট আরও গভীর হবে।”
কুমিল্লা গেজেট