নেকবর হোসেন।।
কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৮৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাত ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র অধীন সুবর্ণপুর এলাকায় এই অভিযান চালানো হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্তের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে একটি পরিত্যক্ত স্থানে ১,৭৩৩ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। এর বাজারমূল্য আনুমানিক ৮৬ লাখ ৬৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, মোবাইল ডিসপ্লেগুলো কোনো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় এবং এগুলো সীমান্তপথে চোরাইভাবে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
কুমিল্লা গেজেট