মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার ঝুমুর গ্রামের মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন এবং ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন।
পরিবার জানায়, সকালে বাড়ি থেকে চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাওয়ার পথে কাটা জাঙ্গাল এলাকায় দ্রুতগামী একটি ট্রাক রাসেলকে ধাক্কা দেয়। ট্রাকের চাকা মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
কুমিল্লা গেজেট