কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে ঝমকালো এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনদের বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ ও শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং কলেজের বেশ কয়েকটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক কর্মকর্তাগণ।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তী পর্বে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একইভাবে বরণ করা হয়।
নবীন বরণ শেষে “সোনালী সকাল” নামে ভিক্টোরিয়া কলেজ সম্পর্কিত একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা শুধু শিক্ষাই দেই না শিক্ষার পাশাপাশি আমাদের কারিকুলামে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য তাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়। আমাদের কলেজে তালিকাভুক্ত সাতটি সামাজিক সংগঠন রয়েছে। যে সংগঠনগুলো শিক্ষার্থীদের এক্সট্রা এক্টিভিটিজ ও পড়াশুনার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তোমরা নিজেদের গড়ে তুলার জন্য ইচ্ছে অনুযায়ী সংগঠনগুলোতে যুক্ত হবে। তবে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে ক্লাস করা। আমরা চাই তোমরা পড়াশুনায় ভালো করার সাথে সাথে একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠো।
কুমিল্লা গেজেট