মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুমিল্লা-মিরপুর সড়ক, খেলার মাঠ ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে কর্মসূচি বাস্তবায়িত হয়।
“নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন” স্লোগানে অনুষ্ঠিত অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসন, ব্র্যাক কর্মকর্তা-কর্মচারী ও রেডক্রিসেন্টের তরুণ সদস্যরা।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ঘরের ভেতর-বাইরে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগেই এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্র্যাকের কর্মকর্তা শান্ত দেবনাথ, অনির্বাণ সরকার, মুনতাসিরুল ইসলাম, রাবিদ হাসানসহ স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
কুমিল্লা গেজেট