মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি এলাকায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পূর্ণমতি বিলপুকুরপাড় এলাকায় স্থানীয় যুবসমাজ অভিযান চালিয়ে কসটেপ মোড়ানো ৫টি পোটলায় মোট ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন—জগতপুর রব মেম্বার বাড়ির সুরুজ মিয়ার ছেলে লিটন (২৫), একই এলাকার তাহের মেম্বার বাড়ির মোর্শেদ আলমের ছেলে নাজমুল (৩৮) এবং পূর্ণমতির রহিম মিয়ার ছেলে শিমুল (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজার মূল মালিক কাউছার নামে এক ব্যক্তি। এ ঘটনায় যুবসমাজ জানায়, ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ঘটনার পর সদর ইউপি চেয়ারম্যান সবুজ বিষয়টি থানায় অবহিত করলে এসআই রাকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে তিনি পূর্ণমতি যুবসমাজের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
কুমিল্লা গেজেট