মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে একই পরিবারের দুই সন্তানের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দুই বছর বয়সী রিফাত বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
পরিবার জানায়, সকাল সাড়ে ৯টার দিকে উঠানে খেলা করছিল রিফাত। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলে পুকুরে ভাসতে দেখা যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দুই বছর আগে একই পুকুরে ডুবে রিফাতের বড় ভাই সাইমন (৩) মারা গিয়েছিল। একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক, তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
কুমিল্লা গেজেট