কুমিল্লা | বঙ্গাব্দ

সড়ক সংস্কার ও চার লেনের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

  • প্রকাশের তারিখ : 27-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পাশাপাশি খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এ সময় দেবপুর এলাকায় সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা দ্রুত সংস্কারকাজ শুরু করার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, “সওজ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই সড়ক সংস্কারকাজ শুরু হবে। এলাকাবাসী আশ্বস্ত হয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। এক ঘণ্টার যানজট ছাড়াও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ