কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে কাজীর বিরুদ্ধে বাল্যবিবাহ ও দুর্নীতির অভিযোগ

  • প্রকাশের তারিখ : 22-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কাজী মাওলানা মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে বাল্যবিবাহ পড়ানো, অতিরিক্ত ফি আদায়, নকল রেজিস্টার ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোহাম্মদ রুহুল আমিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ৯ জুলাই মাত্র ১৬ বছর ৭ মাস বয়সী এক কিশোরীর বিয়ে পড়ান কাজী আফজাল। এ ছাড়া বিদেশগামী এক আত্মীয়ের নথি অনুবাদের জন্য তিনি ৩০ হাজার টাকা দাবি করেন।

অভিযোগে বলা হয়, কাজী অবৈধভাবে বালাম বই ও সিল ব্যবহার করে বিয়ে রেজিস্ট্রেশনের নামে প্রতারণা করছেন এবং প্রতিবাদ করায় তাঁর তিন এজেন্টকে বেআইনিভাবে বহিষ্কার করেছেন। সহকারী আবুল হোসেনও স্বীকার করেছেন যে, মূল কাজীর নির্দেশে একাধিক বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে এবং ভুয়া রেজিস্টার ভলিউম ছাপিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

তবে মোবাইলে যোগাযোগ করা হলে কাজী আফজাল সব অভিযোগ অস্বীকার করেন।
বুড়িচং ইউএনও তানভীর হোসেন জানান, “অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ