মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সুন্ধরা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বিদেশি প্রভাব বিস্তারের অপচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সঞ্চালনায় ছিলেন তরুণ সংগঠক মো. তারেকুল ইসলাম পিয়াস।
বক্তব্য রাখেন সমাজসেবক শেখ ইমাদ উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম, ছাত্রনেতা আরিফ আহম্মেদ মাহাদী ও রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন এএসপি’র সাবেক সেক্রেটারি জিসান আহমেদ ফয়সাল এবং পূর্ণমতি স্টুডেন্টস ফোরামের সভাপতি সিয়ানুল ইসলাম।
মানববন্ধনের সার্বিক সমন্বয়ে ছিলেন বুড়িচং ইসলামিয়া লাইব্রেরির পরিচালক নিশাত সারোয়ার।
বক্তারা আরও বলেন, “ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইরান ও ভারতে মানবাধিকারের চরম লঙ্ঘন চললেও সেখানে জাতিসংঘের কার্যকর উপস্থিতি নেই। অথচ বাংলাদেশের মতো একটি স্থিতিশীল দেশে মানবাধিকার কমিশনের নামে রাজনৈতিক হস্তক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে।”
সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘ কার্যালয় স্থাপনের এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
কুমিল্লা গেজেট