কুমিল্লা | বঙ্গাব্দ

কুবিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের তারিখ : 16-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

খাইরুল আমীন মাসুম, কুবি প্রতিনিধি।।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদান, স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। একইসঙ্গে ‘বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ সংগঠন সারাদিনব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় রয়েছে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা। আয়োজনে সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন “বন্ধু” এবং “সন্ধানী - কুমেক ইউনিট”।

এছাড়াও পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সহায়তা করছে পরিবেশবাদী সংগঠন “অভয়ারণ্য” এবং “রোটার‌্যাক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়”।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “আজকের আয়োজনে মাসব্যাপী কর্মসূচির সূচনা হলো, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে এই আয়োজন করেছে এবং এখানে দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করছে—এটা প্রশংসনীয়।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “শহীদদের স্মরণে দুটি মানবিক কর্মসূচি গ্রহণ করেছি—একটি সদকায়ে জারিয়া হিসেবে বৃক্ষরোপণ এবং অন্যটি রক্তদান। এর মাধ্যমে আমরা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি ও অসুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, “গত বছরের আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ইঞ্জিনিয়ারিং অনুষদের নিচের ৪-৫ একর ঝোপঝাড় পরিষ্কার করে সেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ ১০০টি বৃক্ষরোপণের মধ্য দিয়ে এর সূচনা হলো।”

“বন্ধু” সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, “ফ্রি ব্লাড টেস্ট, রক্তদান ও চেকআপের মাধ্যমে আমরা তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করছি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করছি।”

“সন্ধানী”র প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আবু নাঈম বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। একজন সুস্থ মানুষের রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে। আমরা এই বার্তাই ছড়িয়ে দিতে চাই।”

রোটার‌্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, “শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই কর্মসূচি পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রোটার‌্যাক্ট ক্লাব সবসময় মানবতার কল্যাণে কাজ করে আসছে।”

উল্লেখ্য, জুলাই মাসের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণে সারাদেশে জাতীয় শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ