কুমিল্লা | বঙ্গাব্দ

এসএসসিতে কুমিল্লা বোর্ডে শীর্ষ অনামিকা

  • প্রকাশের তারিখ : 15-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনামিকা দেবনাথ। সে ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ডে সর্বোচ্চ স্থান অধিকার করেছে।

ভিন্নধর্মী চিন্তাভাবনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই কৃতিত্ব অর্জন করেছেন বলে জানিয়েছেন অনামিকা। সমকালের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ঘন্টার পর ঘন্টা গাইড বই মুখস্থ করে পরীক্ষার হলে লেখা যায়, কিন্তু ভালো ফলাফল পেতে হলে দরকার ব্যতিক্রম কিছু। এজন্য গাইড বইয়ের উপর নির্ভরতা কমিয়ে হ্যান্ডনোট ও শিক্ষক সহায়তায় পড়াশোনায় মনোযোগী হওয়া জরুরি।”

অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। তার বাবা দিলীপ কুমার দেবনাথ উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী ব্যবস্থাপক এবং মা বিনা রাণী দেবনাথ কুমিল্লার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিজ্ঞতা জানাতে গিয়ে অনামিকা বলেন, “আমি আবাসিক ক্যাডেট কলেজে ছিলাম। আমাদের মোবাইল ব্যবহারের অনুমতি ছিল না। সপ্তাহে দু’তিনবার শিক্ষকরা বাটন ফোন দিয়ে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দিতেন। পরীক্ষা শুরুর আগের তিন মাস প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা পড়াশোনা করেছি। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতাম— এজন্য নিজস্ব একটি ‘স্পেশাল শিডিউল’ তৈরি করেছিলাম।”

শুধু পরীক্ষায় ভালো ফলই নয়, ভবিষ্যৎ লক্ষ্যও স্পষ্ট অনামিকার। “সবার মত আমি চিকিৎসক বা প্রকৌশলী হতে চাই না। আমার স্বপ্ন তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করা। এ বিষয়ে ইনশাল্লাহ সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবো,”— বলেন অনামিকা।

মা বিনা রাণী দেবনাথ বলেন, “অনামিকা ছোটবেলা থেকেই মনোযোগী ছিল। নবম ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল। পরে ফেনী গার্লস ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার শিক্ষকদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।”

উল্লেখ্য, কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনুভা ইসলাম তোহা, যার প্রাপ্ত নম্বর ১২৬১। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামের শরিফুল ইসলাম ভূঁইয়ার মেয়ে এবং ভবিষ্যতে বুয়েটে ভর্তি হয়ে প্রকৌশলী হতে চায়।

শিক্ষার্থী অনামিকার এই কৃতিত্ব প্রমাণ করে—পরিশ্রম, শৃঙ্খলা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই এসএসসিতে সাফল্য অর্জন সম্ভব।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ