কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘক্ষণ আটকে থেকে দুর্ভোগ পোহায় মানুষ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মহাসড়কের জাফরগঞ্জ অংশে এ ঘটনা ঘটেছে। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী এটি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকায় ভোরে একটি গাছবোঝাই ট্রাক সড়কে উল্টে যাওয়ার খবর পেলে সেখানে ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়েছে। উল্টে যাওয়া ট্রাকে বড় বড় গাছ থাকায় ট্রাকটি সরাতে একটু বিলম্ব হয়েছে। পরবর্তীতে রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শী আবদুল জলিল বলেন, একটি গাছবোঝাই ট্রাক সড়কে উল্টে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় চার ঘন্টা পর পুলিশ এসে রেকার দিয়ে ট্রাক সড়ক থেকে সরালে যানবাহন চলাচাল স্বাভাবিক হয়।
নিজস্ব প্রতিবেদক