কুমিল্লা | বঙ্গাব্দ
নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ
নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ
0:00
0:00

নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ

ছবির ক্যাপশন:

নানীকে এক নজর দেখার আকুতি আর বুকভরা আশা নিয়ে সুদূর সিলেট থেকে ছুটে এসেছিলেন আরমান হোসেন (২৪)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে নানীর কাছে আর পৌঁছানো হলো না তাঁর। পথেই ঘাতক ট্রাকের চাপায় নিঃশেষ হয়ে গেল একটি তাজা প্রাণ, চুরমার হয়ে গেল একটি পরিবারের সব স্বপ্ন।

​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাসস্ট্যান্ড সংলগ্ন রাসেল ব্রিকসের কাছে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে নানীর বাড়িতে আসার উদ্দেশ্যে রাতে সিলেট থেকে ট্রেনে চড়ে কুমিল্লায় পৌঁছান আরমান। সেখান থেকে শুক্রবার ভোররাতে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তিনি। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে কুমিল্লামুখী একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়‌কের পা‌শে ছিটকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আরমান হোসেন। এ দুর্ঘটনায় সিএনজি চালকও গুরুতর আহত হন।

​নিহত আরমান হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।

​হৃদয়বিদারক এই দুর্ঘটনার খবরে চরবাকর ছু‌টে আ‌সে আরমা‌নের স্বজনরা। তা‌দের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্বামী ও পুত্রহীন সত্তরোর্ধ্ব নানী রাবেয়া খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার কেউ ছিল না, এই নাতীটাই ছিল আমার শেষ ভরসা। সুযোগ পেলেই আমার খোঁজ নিতে ছুটে আসতো, ডাক্তারের কাছে নিয়ে যেতো। নানীর প্রতি তার ভালোবাসার কমতি ছিল না। আজ আমার সব শেষ হয়ে গেল, এখন আমাকে দেখার মতো আর কেউ রইল না।"

​এদিকে দুর্ঘটনার দীর্ঘক্ষণ আরমা‌নের মর‌দেহ সড়‌কে প‌ড়ে থাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরবর্তীতে সকাল ১০টার দিকে দেবিদ্বার থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

​মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে এসেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ