কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে মোঃ হাসিবুল (৮) ও মোঃ জুনায়েদ(১১) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহত হাসিবুল উপজেলার গোপালনগর এলাকার ইছা মুদ্দির বাড়ির মোঃ কাওছারের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশোনা করত।অন্যদিকে নিহত জুনায়েদ মোঃ হালিমের ছেলে। তার স্থায়ী ঠিকানা রামনগর। সে গত দেড় বছর ধরে লেখাপড়ার সুবাদে খালার বাড়ি গোপালনগরে থাকত। সে গোপালনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন অকাল মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. রেদোয়ান আহমেদ হিমেল বলেন, “আমরা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পরে হাসপাতালের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে গোপালনগর এলাকায় শোকের আবহ বিরাজ করছে। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সেই বয়সেই নিভে গেল দুটি নিষ্পাপ প্রাণ। তাদের অকাল মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত পুরো এলাকাবাসী।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া