বিদেশ সফর শেষে নিজ এলাকায় ফিরে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের নেতৃত্বে ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে শশীদল ইউনিয়নের বাগড়া পশ্চিমপাড়া এলাকার জসিম রোডে অভিযান চালিয়ে সীমা বেগম ওরফে লাকী আক্তার (২৬) নামে এক নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে বডি ফিটিং অবস্থায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক সীমা বেগম ওরফে লাকী আক্তার চাঁদপুরের হাইমচর উপজেলার কমলাপুর এলাকার খোকন মিয়ার মেয়ে। সে বর্তমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় বসবাস করেন।
অভিযানে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের সঙ্গে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, আটক নারী মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর কাছ থেকে উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া