কুমিল্লা | বঙ্গাব্দ
খাসি নিয়ে ভেঙেছিল বিয়ে, পরদিনই নতুন কনে ঘরে তুললেন জাপানপ্রবাসী জুনায়েদ
খাসি নিয়ে ভেঙেছিল বিয়ে, পরদিনই নতুন কনে ঘরে তুললেন জাপানপ্রব...
0:00
0:00

খাসি নিয়ে ভেঙেছিল বিয়ে, পরদিনই নতুন কনে ঘরে তুললেন জাপানপ্রবাসী জুনায়েদ

ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামের জাপানপ্রবাসী জুনায়েদ মিয়াকে ঘিরে বিয়ের আয়োজনের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের অনুষ্ঠানে ‘আস্ত খাসি’ না থাকাকে কেন্দ্র করে আগের বিয়ে ভেঙে যাওয়ার পর মাত্র একদিনের ব্যবধানে নতুন করে বিয়ে করেছেন তিনি।

জানা গেছে, নেয়ামতপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জুনায়েদ মিয়া সম্প্রতি জাপান থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি বিয়ের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে আখাউড়া উপজেলার তুলাতলা গ্রামের সফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়।

তবে বিয়ের আয়োজনকে কেন্দ্র করে একপর্যায়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, বিয়ের অনুষ্ঠানে আস্ত খাসি না রাখাকে কেন্দ্র করে জুনায়েদের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়। একপর্যায়ে বিয়ে ভেঙে যায়। কনেপক্ষ বিয়ের উপহার ফেরত দিয়ে বরপক্ষকে বিদায় করে দেয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায় ফেসবুকে।

এরপর গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কসবার নেয়ামতপুর গ্রামে নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জুনায়েদ মিয়া। তাঁর নতুন স্ত্রী জান্নাতুল ফেরদৌস আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। জান্নাতুল ফেরদৌসের মামা তাজুল ইসলাম সরকারের বাড়ি জুনায়েদের নিজ গ্রামেই। সেখানেই নতুন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জুনায়েদের ছোট ভাই পারভেজ রানা জানান, নতুন বিয়ের বিষয়ে কনেপক্ষই তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয় পরিবারের আলোচনার মাধ্যমে মঙ্গলবার রাতে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৬ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়েছে। জাপানপ্রবাসী জুনায়েদের ৩০ আগস্ট পর্যন্ত ছুটি রয়েছে। প্রয়োজনে তিনি ছুটি বাড়াবেন বলেও জানান পারভেজ।

এদিকে আগের বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে আখাউড়ার তুলাতলা গ্রামের সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, যে ছেলে খাসি নিয়ে ঝগড়া করতে পারে, তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দিতে তিনি রাজি নন। এ কারণেই ওই বিয়ে বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

নতুন বিয়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন জুনায়েদ মিয়া। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো।’ একই সঙ্গে নবদম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

তবে নতুন বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নতুন কনেপক্ষের দেওয়া খাবারের আয়োজনে খাসি রাখা হয়েছে। বর জুনায়েদসহ অন্যরা আনন্দের সঙ্গে সেই খাসির মাংসসহ খাবার গ্রহণ করছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে বিয়ে ভেঙে নতুন করে বিয়ের ঘটনায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ