কুমিল্লার হোমনা উপজেলা সদরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।
আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলা সদরের সরকারি হাসপাতাল রোড, পোস্ট অফিস মোড়, থানা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আহাম্মেদ মোফাচ্ছের। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিকসহ থানা পুলিশের একটি দল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজা উপস্থিত ছিলেন।
অভিযানকালে সড়কের ফুটপাত ও সীমানা দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে যত্রতত্র গাড়ি পার্কিং না করতে কঠোর নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মধ্য বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে ফল ও ব্রেড-বিস্কুটের কিছু দোকান বেআইনিভাবে ত্রিপল টানিয়ে অংশ বর্ধিত করে ব্যবসা পরিচালনা করে আসছে।
একই সঙ্গে সড়কের একাংশ দখল করে যত্রতত্র নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে পথচারী ও যানবাহন চলাচলে তীব্র যানজটসহ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, হাসপাতাল রোড থেকে থানা সড়ক পর্যন্ত প্রতিদিন সকালে চলাচলে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়।
এটি পর্যালোচনা করে আমরা তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছি। প্রথমত নিয়ন্ত্রণহীন অতিরিক্ত যানবাহন, রাস্তার দুই পাশের অবৈধ দোকানপাট এবং সড়কে ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রী।
তিনি আরও জানান, পথচারীদের দুর্ভোগ কমাতে আজ প্রাথমিক উচ্ছেদ ও সচেতনতামূলক কাজ করা হয়েছে। সড়কে রাখা নির্মাণসামগ্রী সরাতে দুই ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে।
নিজ দায়িত্বে না সরালে আগামীকাল থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা ও সরাসরি জরিমানা করা হবে। বৃষ্টির কারণে আজ অভিযান কিছুটা দ্রুত শেষ হলেও জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ জয়নাল আবেদিন, হোমনা