জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে হোমনায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, হোমনা থানার এসআই মোহাম্মদ আনিস উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক মো. আব্দুল হক সরকার, মো. আবুল কালাম আজাদ ও মো. আক্তার হোসেন, মোঃ জয়নাল সরকার ।
সভায় বক্তারা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় শিশুদের বয়স ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে সতর্কতার সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেজন্য অভিভাবক, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০টি ওয়ার্ডে মোট ২৪১টি কেন্দ্রে (স্থায়ী ও অতিরিক্তসহ) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি বাস্তবায়নে ৪৮২ জন স্বেচ্ছাসেবী/কর্মী এবং ১৫ জন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
এ বছর উপজেলায় মোট ৩৬ হাজার ৬২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৫৬০ জন শিশুকে একটি করে লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২৮ জুন মূল ক্যাম্পেইনের দিনে কোনো শিশু যদি কোনো কারণে ক্যাপসুল গ্রহণ থেকে বাদ পড়ে, তাহলে পরবর্তী চার দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারবে।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নির্ধারিত দিনে নিজ নিজ শিশুকে কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মোঃ জয়নাল সরকার, হোমনা