কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় ২০ এপ্রিল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

  • প্রকাশের তারিখ : 15-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা জেলায় হাম ও রুবেলার সংক্রমণ প্রতিরোধে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, আগামী ১০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৭ লাখ ৫ হাজার ২৯৮ জন শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৯৪৮ জন প্রাক-প্রাথমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও জানান, ক্যাম্পেইন সফল করতে জেলার ১৭টি উপজেলা ও একটি পৌরসভায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম পরিচালিত হবে ৪ হাজার ৮৪৮টি অস্থায়ী এবং ১৮টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে। এতে অংশ নেবেন ১ হাজার ১৭৬ জন টিকাদানকারী, ৪ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক এবং মাঠ পর্যায়ে তদারকির দায়িত্বে থাকবেন ৫৮৮ জন সুপারভাইজার।

সিভিল সার্জন বলেন, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে রয়েছে, তাদের সুরক্ষায় এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ