সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার (১৫ মার্চ) কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে কুমিল্লা আর্মি মেডিক্যাল কলেজের নব নির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ৫০০ শয্যা বিশিষ্ট কুমিল্লা আর্মি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার সংক্ষিপ্ত সফরে কুমিল্লা সেনানিবাসে আসেন।
উল্লেখ্য, ২০১৫সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় ৫ একর জমির উপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার একাডেমিক কার্যক্রম শুরু হয়। এদিকে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭.০৭ একর জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন। এছাড়াও, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। যা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্প্রসারিত করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস; ইঞ্জিনিয়ার ইন চীফ; এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অফিস রিপোর্টার