ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় ও কুমিল্লা জেনারেল হাসপাতালের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) কুমিল্লা জেনারেল হাসপাতালের আঙিনা ও আশপাশের এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদের নেতৃত্বে ও সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
অভিযানের অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন স্থান, ড্রেন ও পুকুরে জমে থাকা ডাবের খোসা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। এছাড়া জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে হাসপাতালে আগত রোগী ও দর্শনার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্বাস্থ্যবার্তা প্রচার করা হয়। কর্মসূচির শুরুতে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরে সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন, জেলা কীটতত্ত্ববিদ আল ইমরান ভূঁইয়া এবং কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল করীম খন্দকার। এছাড়া অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক