কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় মাছের ভাগ না দেওয়ায় হামলার অভিযোগ, আহত ০২

  • প্রকাশের তারিখ : 27-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ০৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে মাছ ধরাকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন চৌধুরী নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার বড় ভাই রেজাউল ইসলামও হামলার শিকার হয়ে আহত হয়েছেন। ঘটনাটি সোমবার দুপুর ২টায় ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে সংঘটিত হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার দুপুরে সাদ্দাম নিজের মালিকানাধীন একটি ডোবায় মাছ ধরতে গেলে মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত হয়ে মাছের ভাগ দাবি করেন। সাদ্দাম ভাগ দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল ত্যাগ করে কিছু সময় পর কয়েকজন বহিরাগত লোকজন নিয়ে ফিরে আসেন। এরপর তারা অতর্কিতভাবে সাদ্দামের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কোপ দেয় এবং লোহার পাইপ দিয়ে আঘাত করে তার বাম হাত ভেঙে দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বড় ভাই রেজাউল ইসলাম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহত রেজাউল ইসলাম বলেন, “আমার ভাই নিজের ডোবায় মাছ ধরছিল। হঠাৎ তারা এসে ভাগ দাবি করে। না দেওয়ায় আগে থেকে পরিকল্পনা করে লোকজন এনে হামলা চালায়। আমি ঠেকাতে গেলে আমাকেও মারধর করে আহত করে। আমরা এখন চরম আতঙ্কে আছি। দ্রুত দোষীদের গ্রেপ্তার চাই।”

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় গভীর আঘাত রয়েছে এবং হাত ভেঙে গেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে রেজাউল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে পরিবার জানিয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ