কুমিল্লা | বঙ্গাব্দ

কুবিতে ইউট্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 24-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জে ইউট্যাব কুবি ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম এম শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। সঞ্চালনা করেন ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাহিন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম এম শরিফুল ইসলাম বলেন, "দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর আমরা একটি মুক্ত পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি। জুলাই আন্দোলনের পর দেশে যে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, তাতে মেধার মূল্যায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।" তিনি কুবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার তার বক্তব্যে শিক্ষকদের পেশাগত মর্যাদার ওপর জোর দিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈষম্যহীন নীতিমালার ভিত্তিতে প্রমোশন ও গ্রেড নিশ্চিত করা আমাদের লক্ষ্য। স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে ইউট্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।"

ইউট্যাব কুবি ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন জানান, ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ আব্দুল কাইয়ুমসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। তিনি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক ও সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ