বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের কৃতি সন্তান মানিক চন্দ্র শীল। হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মানিক চন্দ্র শীল দীর্ঘদিন ধরে সনাতনী ছাত্রদের অধিকার রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ প্রসারে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে চাঁদপুর জেলার হাজীগঞ্জসহ বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে।
দায়িত্ব পাওয়ার পর মানিক চন্দ্র শীল জানান "আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের সনাতনী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা সচেষ্ট থাকব।"
মানিক চন্দ্র শীল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে হাজীগঞ্জের স্থানীয় এলাকাবাসী এবং তার শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভকামনা জানাচ্ছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং হিন্দু ছাত্র সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
অফিস রিপোর্টার