কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় জানুয়ারীতে ১৪ খুন

  • প্রকাশের তারিখ : 9-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা জেলায় গত এক মাসে জেলার ১৮টি থানায় মোট ৪৯১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে খুনের মামলা ১৪টি, ধর্ষণ ১৬টি, নারী ও শিশু নির্যাতন ১৭টি, ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা ৫২টি, অপমৃত্যু ৪৩টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ২০৩টি। এছাড়া এ সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১৮টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃংখলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর সাদিক চৌধুরী, সিভিল সার্জন ডা. আলীনুর মোঃ বশির আহমেদ, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃখলা বাহিনীর কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারি থাকায় জেলার সার্বিক আইনশৃখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা রোধ এবং সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবির কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে।সভায় আরও জানানো হয়, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রেজা হাসান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃখলা বাহিনীর পাশাপাশি সকল স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যেকোনো নাশকতা রোধে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকালে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ