কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা-৫ আসনে নাগরিক ঐক্যের প্রার্থীর বাড়িতে যৌথবাহিনীর তল্লাশির অভিযোগ

  • প্রকাশের তারিখ : 25-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

জুলাই যোদ্ধা নাগরিক ঐক্যের কুমিল্লা-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর ব্রাহ্মণপাড়া উপজেলার বাসায় যৌথবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২৩ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে যৌথবাহিনীর একাধিক গাড়ি নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানায়, গ্রেপ্তারের উদ্দেশ্যে যৌথবাহিনী তার বাসায় পৌঁছালেও ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীকে সেখানে পাওয়া যায়নি। এ সময় বাড়ির কেয়ারটেকার আব্দুল বারেক ঘুমিয়ে থাকায় যৌথবাহিনীর সদস্যরা বাসার উত্তর পাশের নির্মাণাধীন ভবনের ছাদ দিয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তাকে ডেকে তুলে বাড়ির বাউন্ডারি গেট খুলিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যরিস্টার সোহরাব খান চৌধুরীকে ব্রাহ্মণপাড়া থানায় যোগাযোগ করতে বলা হয়। এর আগের দিন ২২ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিনিধির মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন। উল্লেখ্য-ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী ২০২৪ সালের জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে আলোচনায় আসেন। ২০২৪ সালেত ১৮ জুলাই ঢাকায় শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার ঘোষণার পর তিনি প্রথম নিজের বাসায় ছাত্রদের আশ্রয় দেওয়ার ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। বিষয়টি সে সময় বিভিন্ন জাতীয় পত্রিকায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। পরবর্তীতে ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর ও টাইমস স্কয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন। ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একই ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরেন। ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা এবং মনোনয়নপত্র ক্রয়ের পর একটি স্বার্থান্বেষী মহল তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। ২০১২ ও ২০১৩ সালে আইনজীবীদের ইফতার মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা দুটি ছবিকে কেন্দ্র করে তাকে আওয়ামী লীগপন্থী হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ভিন্ন দল বা মতের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কিংবা রাজনৈতিক নেতাদের সঙ্গে অনেকেরই ছবি রয়েছে, যাদের অনেকেই এই নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছে। এই ছবি রাজনৈতিক পরিচয়ের প্রমাণ হতে পারে না। এবিষয়ে বক্তব্য নেয়ার জন্য ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্রাহ্মণপাড়া থানার ওসি সাজেদুল ইসলামকে পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ