ইসলামি আদর্শ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ে কুমিল্লায় এ প্রথম গড়ে উঠেছে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় এ নতুন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মুফতি এহতেশামুল হকের সভাপতিত্ব ও সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হুসাইন এবং প্রিন্সিপাল মাওলানা মনির হোসাইনের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানদের মোবাইল ব্যবহারে সংযম আনতে হবে। তারা অনলাইনে বিভিন্ন ক্লাস করে, গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করে এটি অবশ্যই প্রয়োজনীয়। তবে খেয়াল রাখতে হবে, যেন তারা অনলাইনে কোনো অনৈতিক বা অনাকাঙ্ক্ষিত কাজে জড়িয়ে না পড়ে। ছোট ছোট ভুল থেকেই বড় ভুলের সৃষ্টি হতে পারে। তাই অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি শামসুদ্দোহা আশরাফী বলেন, শিক্ষার সঠিক মূল্যায়ন করতে হবে। মাদরাসা শিক্ষাকে অর্থ দিয়ে মূল্যায়নের চেষ্টা কখনোই সঠিক নয়। রিজিকের ব্যবস্থা আল্লাহ তায়ালাই করে থাকেন এ বিশ্বাস আমাদের অটুট রাখতে হবে। আর আট দলীয় জোট থেকে যদি আমার নাম ঘোষণা করা হয়, তবে আপনারা বিষয়টি বিচারবিশ্লেষণ করে আমাকে সমর্থন দেবেন বলে প্রত্যাশা করছি।
অন্যান্য বক্তারা বলেন, সময়ের চাহিদা অনুযায়ী ইসলামি মূল্যবোধে শিক্ষিত এবং বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ আদর্শ মানুষ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব আধুনিক সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
অভিভাবকরা বলেন, এলাকায় মানসম্মত ও মূল্যবোধভিত্তিক শিক্ষার চাহিদা দীর্ঘদিনের। নতুন এই প্রতিষ্ঠানের উদ্বোধন শিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তাঁদের প্রত্যাশা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আধুনিক সফটওয়্যারের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলে প্রতিদিনের ক্লাস, উপস্থিতি, অভিভাবক যোগাযোগ, একাডেমিক রিপোর্ট ও ফলাফল ব্যবস্থাপনা হবে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর।
ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ রোটা. মোহাম্মদ উল্লাহ তালুকদারের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী বক্তা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-১০ আসনের ইসলামী আন্দোলন হাতপাখার মনোনীত এমপি প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফী, লালমাই জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন, বৈষম্য বিরোধী আন্দোলন লালমাইয়ের সমন্বয়ক কবির হোসেন রোমান, মাওলানা আতিকুর রহমান আশরাফী, পরিচালনা পর্ষদের সদস্য হাফেজ মো. শাহাদাত হোসেন সুমন, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ শাহাদাত, মাওলানা আব্দুস সালাম আশরাফী, হাফেজ মাওলানা মুফতি মো. জোবায়ের হোছাইনসহ অভিভাবকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর উপস্থাপনা। শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন করে অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণময় করে তোলে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের থিম সং পরিবেশন করলে উপস্থিত অভিভাবক, অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশংসা জানান।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা ঘিরে উৎসবমুখর পরিবেশে হাফেজ মাওলানা আতাহার আলীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।
সোহাইবুল ইসলাম সোহাগ