কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধ ও বিধি লঙ্ঘনের দায়ে ২২টি মামলায় মোট ৯১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানে সহযোগিতা করে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৯১ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি ৫টি পণ্য ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযানে কোনো ডাম্পিং বা কারাদণ্ড দেওয়া হয়নি।
কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইন ও অন্যান্য বিধিবিধান লঙ্ঘনের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত অভিযান চালাচ্ছে। এ অভিযানের মাধ্যমে আমরা চালক ও যানবাহন মালিকদের সচেতন করতে চাই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিআরটিএ সবসময় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। জনস্বার্থে ভোক্তা অধিকার, সড়ক শৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
সোহাইবুল ইসলাম সোহাগ