বুড়িচং প্রতিনিধি।।
"যেখানে স্বপ্নের শুরু, সেখানেই আমরা" — এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন ‘স্বপ্নের বুড়িচং’। তরুণ ও যুব সমাজের নৈতিক উন্নয়ন, জনপদের সার্বিক গঠন এবং ৮টি সেক্টরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং গ্রামের প্রধান মো. ফরিদ উদ্দিন মেম্বার। ছাত্রপ্রতিনিধি মো. রিফাত আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মেম্বার মামুন হোসেন, ব্যবসায়ী সমির মিত্র, এনসিপির উপজেলা সমন্বয়ক তারেক ঈমাম, জসিম উদ্দিন মোল্লা মেম্বারসহ স্থানীয় সমাজকর্মী ও তরুণরা।
সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমন হোসেন, মামুনুর রশিদ সোহাগ, সিয়ানুল ইসলাম ও সায়মন ইসলাম শাওন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরিফ আহম্মেদ মাহাদী, কামরুজ্জামান পিয়াস, নাইম আহম্মেদ ও কামরুল ইসলাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাব্বির আহম্মেদ বলেন, “দল-মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে তরুণ প্রজন্মের উন্নয়ন ও জনপদের গঠনে কাজ করলে বুড়িচং একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে উঠবে। ‘স্বপ্নের বুড়িচং’ সেই লক্ষ্যেই যাত্রা শুরু করেছে।”
কুমিল্লা গেজেট. কম