নিজস্ব প্রতিবেদক।।
নিউ ভিশন মডেল হসপিটালের উদ্যোগে কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকালে ক্যাম্প উদ্বোধনের পর থেকেই এলাকার সাধারণ মানুষ, নারী-পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে ভিড় করেন। ক্যাম্পে গাইনী, মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, অর্থোপেডিক্স এবং ডেন্টাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধাও রাখা হয়।
ক্যাম্পে শতাধিক মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা নেন। বিশেষ করে গাইনী ও শিশু বিভাগে রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
স্থানীয় বাসিন্দা শাহনাজ আক্তার বলেন, “এলাকায় অনেক সময় ছোটখাটো অসুখের জন্য ভালো চিকিৎসা পাওয়া যায় না। আজ বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি।” আরেকজন অংশগ্রহণকারী আজহারুল ইসলাম বলেন, “চিকিৎসকদের ব্যবহার খুব ভালো ছিল, বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ—সবকিছুই সুন্দরভাবে পেয়েছি।”
নিউ ভিশন মডেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জুয়েল রানা বলেন, “আমরা সমাজের সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাই নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি। ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
ক্যাম্পে হসপিটালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি টিম সার্বিক দায়িত্ব পালন করেন। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কুমিল্লা গেজেট. কম