মো. আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে চলতি বছরের ১০ মাসে ১১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৬০ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্র জানায়, এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, মোবাইল ফোন ডিসপ্লে, কসমেটিকস, ওষুধসহ নানা ধরনের পণ্য। এ সময় ১৩০ জনকে আটক করা হয়েছে।
বিজিবি–৬০ ব্যাটালিয়নের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা রয়েছে।
এদিকে বৃহস্পতিবার ভোরে কুমিল্লার বুড়িচং সীমান্তে বিশেষ অভিযানে প্রায় পাঁচ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। এর মধ্যে এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার শাড়ি ও থ্রিপিস এবং চার কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার চশমা রয়েছে।
বিজিবি–৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “উদ্ধারকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে সীমান্তে মানবপাচার কার্যত বন্ধ। জাতীয় নির্বাচন সামনে রেখে অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতেও বিজিবি তৎপর রয়েছে।”
কুমিল্লা গেজেট. কম